চট্টগ্রামে বিজ্ঞানবিষয়ক কর্মশালা
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়ে গেল রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালা। গতকাল বৃহস্পতিবার নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কলকাকলি উচ্চবিদ্যালয়ে এই কর্মশালার আসর বসে।
বেলা সাড়ে ১১টায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হয় কর্মশালা। এতে প্রশিক্ষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন। প্রশিক্ষণ শেষে ছিল কুইজ প্রতিযোগিতা। বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন।
বেলা একটায় নগরের আগ্রাবাদ এলাকার কলকাকলি উচ্চবিদ্যালয়ে শুরু হয় কর্মশালা। এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন। কর্মশালা শেষে কুইজে বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম।
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞান উৎসবের। প্রাথমিক পর্যায়ে নগরের ২০টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক কর্মশালা। উৎসব আয়োজনে সহযোগী বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।