চট্টগ্রামে বিজয় উৎসব শুরু
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী বিজয় উৎসব। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাবেক সাংসদ ইছহাক মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। এতে প্রমাণিত হয়, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিএনপি নিজেদের ক্ষতি করেছে। তারা রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসুক এটাই প্রত্যাশা।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যারা চায়নি, তাদের পক্ষে জনগণের রায় যাবে না। পৌরসভার নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন ভোটাররা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার শাহাব উদ্দিন, নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফয়সাল ইকবাল, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ প্রমুখ। বিজয় উৎসবের ঘোষণা পাঠ করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।