চট্টগ্রামে বিজয় উৎসব শুরু হচ্ছে কাল
চট্টগ্রাম নগরের ডিসি হিলে কাল শনিবার থেকে আট দিনব্যাপী বিজয় উৎসব শুরু হচ্ছে। উৎসবের প্রতিপাদ্য ‘শুদ্ধ হোক নব প্রজন্ম, ভোরের বৃন্তে ফুটুক আলোর ফুল।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্যাপন পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও উৎসব উদ্যাপন পরিষদের মহাসচিব চৌধুরী হাসান মাহমুদ হাসনী। আয়োজকেরা জানান, শনিবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আট দিনব্যাপী মেলায় প্রতিদিন আলোচনা সভার পাশপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান ইসহাক মিয়া বলেন, কোনো জাতির মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না। এটি চলমান প্রক্রিয়া। বিপ্লবের পর প্রতিবিপ্লব ঠেকাতে হলে সার্বক্ষণিকভাবে মুক্তিযুদ্ধের হাতিয়ারকে শাণিত রাখতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হচ্ছে, তখন ১৯৭১ সালে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি বলে জঘন্য মিথ্যাচার করছে পাকিস্তান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ, শৈবাল দাশ, আবিদা আজাদ, জেসমিন পারভীন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী প্রমুখ।