চট্টগ্রামে বিজয় দিবসে শহীদ মিনারে ভিড়
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। শনিবার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এর পর গতকাল রোববার সকালেও শহীদ মিনারে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু ভিড় করে ফুল হাতে।শহীদ মিনারে আসা বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সময়ে সম্পন্ন করার দাবিতে স্লোগান দেয়। এ ছাড়া দেখা গেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড।বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এর পর সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সিটি করপোরেশনের কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক আবদুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। তখন মানুষের ঢল নামে। নগর বিএনপির সভাপতি আমির খসরু চৌধুরীর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ওয়ার্কার্স পার্টি, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।রোববার ভোর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষ ভিড় করে। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী, পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। শহীদ মিনারের আশপাশে বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভা, পথনাটক ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন স্কুলশিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বাকলিয়া সিটি করপোরেশনের স্টেডিয়ামে। এদিকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে সকালে এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বের করা হয় বিজয় শোভাযাত্রা।