চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন কাল
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কাল বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয় মেলা উপলক্ষে শিশু-কিশোর, ছাত্র, যুব, নারী, মুক্তিযোদ্ধা, শ্রমিক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে সাতটি স্কোয়াড করা হয়েছে। তরুণ প্রজন্মকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে এসব স্কোয়াড গঠন করা হয়। বিজয় মঞ্চে একেক দিন একেক স্কোয়াডের সমাবেশ হবে। এ ছাড়া লালদীঘির ময়দানে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে বৃক্ষ ও বইমেলা।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার অনেক চেষ্টা হয়েছে। এখনো অনেক প্রোপাগান্ডা চলছে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদের উজ্জীবিত করতে চাই।’ তিনি বলেন, ব্যবসা করা মেলার উদ্দেশ্য নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার।