চট্টগ্রামে বিজয়মেলা শুরু বৃহস্পতিবার
চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এবারের মেলায় নতুন মাত্রা যুক্ত করতে সাতটি স্কোয়াড গঠন করেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। তরুণ প্রজন্মকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মানসিকভাবে তৈরি করতে এ স্কোয়াড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আয়োজকেরা জানান, শিশু-কিশোর, ছাত্র, যুব, নারী, মুক্তিযোদ্ধা, শ্রমিক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে সাতটি স্কোয়াড করা হয়েছে। বিজয় মঞ্চে একেকদিন একেক স্কোয়াডের সমাবেশ হবে। এ ছাড়া লালদীঘির ময়দানে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে বৃক্ষ ও বইমেলা। থাকবে মৎস্য প্রদর্শনীর ব্যবস্থাও। চট্টগ্রাম নগরকে সবুজ করে তুলতে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে দেড় লাখ গাছের চারা। বইমেলায় থাকবে পথশিশুদের শিক্ষাদান কর্মসূচি।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার অনেক চেষ্টা হয়েছে। এখনো অনেক প্রোপাগান্ডা চলছে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদের উজ্জীবিত করতে চাই। ব্যবসা করা আমাদের মেলার উদ্দেশ্য না।’
মহিউদ্দিন চৌধুরী জানান, এবারের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ২০ ডিসেম্বর পর্যন্ত বিজয়মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ হবে। এ ছাড়া পণ্যমেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের মহাসচিব মো. ইউনুস। এতে অন্যান্যের মধ্যে পরিষদের কো চেয়ারম্যান বদিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা অমল মিত্র, নগর আওয়ামী লীগের সহ সভাপতি সুনীল সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও সদস্য এস এম সাঈদ সুমন উপস্থিত ছিলেন।