চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে টিঅ্যান্ডটি ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওয়ার্কচার্জড কর্মচারী ও নৈমিত্তিক (ক্যাজুয়াল) শ্রমিকেরা।বিটিসিএল ওয়ার্কচার্জড-ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ ফেডারেল ইউনিয়নের বায়েজিদ বিভাগের সভাপতি আবুল কাশেম ভুঁইয়া। বক্তব্য দেন ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী সমিতির সভাপতি মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন। বক্তারা অবিলম্বে তাঁদের চাকরি বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে জানানো হয়, সারা দেশে দুই হাজার ৯৭২ জন ওয়ার্কচার্জড কর্মচারী ও এক হাজার ৮৫৭ জন ক্যাজুয়াল শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই আন্দোলন চলছে। এর মধ্যে চট্টগ্রামে ২৮২ জন ওয়ার্কচার্জড ও ৭০ জন ক্যাজুয়াল শ্রমিক রয়েছেন।