চট্টগ্রামে বিতর্কিত জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়!
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন—এমন বিতর্কিত জায়গায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জমির মালিকানা দাবিদার ব্যক্তিরা গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, আজ শনিবার প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলাউদ্দিনের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির দাবিদারেরা অভিযোগ করেন, নগরের হাজারিগলির ২৪ গন্ডা (প্রায় ২৯ কাঠা) জমির মালিকানা নিয়ে আপিল বিভাগে মামলার বিচারকাজ চলছে। কিন্তু বিচারাধীন বিষয়টি নিষ্পত্তি না হওয়ার আগে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করার সিদ্ধান্ত নিয়েছে। এটি আদালত অবমাননার শামিল।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনার জন্য মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সরাসরি হস্তক্ষেপে বিচারাধীন জমিতে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা চলছে। আর এ জবরদখলের বিষয়টি যুগ্ম ও দায়রা জজ আদালতে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আদালত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন আকবর হোসেন, কামালউদ্দিন ও তাছলিমা সুলতানা।