চট্টগ্রামে বিদেশি কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বিদেশি কারখানার দুই শতাধিক শ্রমিক গতকাল সোমবার দুপুরে আগ্রাবাদের প্রধান সড়ক অবরোধ করেন।এতে প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ায় হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে।শ্রমিকদের অভিযোগ, হংকংভিত্তিক ‘নর্থটোল (বিডি) লিমিটেড’ নামের ওই কারখানার প্রায় ৩০০ শ্রমিকের ২১ দিনের বেতন, ভবিষ্য-তহবিল ও গ্র্যাচুইটি পাওনা রয়েছে। গতকাল ওই পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু শ্রমিকেরা এসে দেখেন, মালিকপক্ষের কেউই কারখানায় নেই। বকেয়া টাকা না পেয়ে শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন। এরপর আগ্রাবাদ শেখ মুজিব সড়ক অবরোধ করেন তাঁরা।চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক মাস আগে শ্রমিকদের দেড় মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়। অবশিষ্ট টাকা আজ (গতকাল সোমবার) পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানার মালিক কিংবা এদেশীয় এজেন্টরা কেউ উপস্থিত হননি। যত দূর জানি, প্রতিষ্ঠানটির মালিক দেউলিয়া হয়ে হংকংয়ের জেলে আছেন। কারখানার বাংলাদেশি মহাব্যবস্থাপক খাদেম রসুল ভূঁইয়াও মুঠোফোন বন্ধ করে রেখেছেন।’জানা যায়, গতকাল নির্ধারিত সময়ে দুই শতাধিক শ্রমিক সিইপিজেডের ওই কারখানায় বকেয়া বেতন নিতে আসেন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে তাঁরা ভেতরে বিক্ষোভ করেন। এরপর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চলে আসেন এবং বাদামতলী মোড়ে অবস্থান নেন। তখন নগরের যান চলাচলের প্রধান পথ শেখ মুজিব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিজিএমইএর কর্মকর্তারাও সেখানে হাজির হন। এক ঘণ্টারও বেশি সময় অবরোধ শেষে শ্রমিকেরা তাঁদের সবার অনুরোধে শ্রম দপ্তরে গিয়ে অভিযোগ দেন। এরপর তাঁরা পুনরায় সিইপিজেডে ফিরে যান।বিকেলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চট্টগ্রাম এলাকার মহাব্যবস্থাপক আবদুর রশিদ ও অন্য কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। বেপজা কর্তৃপক্ষের সঙ্গে শতাধিক শ্রমিকের ওই বৈঠক সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। বৈঠক শেষে আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ইতিপূর্বেও ওই কারখানার এদেশীয় প্রতিনিধিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন দেন। এবার আর ব্যাংক থেকে টাকা পাওয়া যায়নি। তাই বকেয়াও পরিশোধ করা যায়নি। আমরা শ্রমিকদের অন্য কারখানায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকেও বকেয়া পরিশোধের জন্য চাপ অব্যাহত রাখব।’