চট্টগ্রামে বিদেশি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রদূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (ইপিজেড) বিদেশি কারখানা ইয়ং ইন্টারন্যাশনালকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার আকস্মিক এই অভিযান চালানো হয়। গতকাল সোমবার জরিমানার প্রথম কিস্তির আড়াই লাখ টাকা পরিশোধ করেছে কোরীয় এই প্রতিষ্ঠান। পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামে শতভাগ বিদেশি মালিকানার কোনো প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়ের ঘটনা এটাই প্রথম।জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (প্রয়োগ ও তদারকি) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামের একটি দল এ অভিযান চালায়। মুনীর চৌধুরী বলেন, প্রথমবারের মতো ইপিজেডে বিদেশি কারখানাকে পরিবেশদূষণের দায়ে জরিমানা করা হলো। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এই কারখানাকে গত এক বছরে তিন দফা নোটিশ দেওয়া হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আদালত সূত্র জানায়, অভিযানকালে ইয়ং ইন্টারন্যাশনালের বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) পরীক্ষা ও পরিদর্শন করে নানা ত্রুটি ও অনিয়ম পাওয়া যায়। কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের রাসায়নিক পরীক্ষা করে পিএইচ-৮.৭, দ্রবীভূত অক্সিজেন (ডিও) প্রতি লিটারে ১.৭ মিলিগ্রাম, ইসি দুই হাজার ৬০০ এবং টিডিএস প্রতি লিটারে দুই হাজার ৩০০ মিলিগ্রাম পাওয়া গেছে। নির্ধারিত মানমাত্রা থেকে এটা অনেক বেশি এবং পরিবেশের জন্য ক্ষতিকর। সূত্র জানায়, তিন ঘণ্টার অভিযান শেষে পরিবেশের ক্ষতি করার দায়ে তাৎক্ষণিকভাবে ইয়ং ইন্টারন্যাশনালকে নয় লাখ ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে বিদ্যমান ইটিপির ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে যথাযথভাবে কার্যকর রাখার ও দূষণমুক্তভাবে পরিচালনার নির্দেশ দেন আদালত।