চট্টগ্রামে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরীকে খুন করেছে ডাকাতের দল। গত রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।গতকাল সোমবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নৈশপ্রহরীর নাম মোহাম্মদ আজিজ (৪৩)। নোয়াখালীর স্থায়ী বাসিন্দা আজিজ নগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি নগরের সাগরিকা এলাকার বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির ল্যাবরেটরি বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।পুলিশ সূত্র জানায়, রোববার মধ্যরাতে বিদ্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা তিনতলা বিদ্যালয় ভবনের নিচতলার চারটি কক্ষের তালা ভেঙে ফেলে। এসব কক্ষে থাকা ছয়টি আলমারি এবং বেশ কিছু ড্রয়ারও ভেঙে ফেলে ডাকাতেরা। তারা নৈশপ্রহরী আজিজের হাত-পা ও মুখ বেঁধে পরে হত্যা করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি দত্ত প্রথম আলোকে বলেন, ‘আজিজের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন আছে। নিচতলার চারটি কক্ষের দরজা ভাঙা। আজিজকে হত্যার পর লাশ নিচতলার স্টোর রুমে ফেলে রাখা হয়। গত রোববার শিক্ষার্থীদের মাসিক বেতন নেওয়া হয়। এ ছাড়া কয়েকজন শিক্ষকের বেতনের টাকাও ছিল হিসাবরক্ষকের কক্ষে। সব মিলিয়ে প্রায় ৪৩ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতেরা। তবে অন্য কিছু খোয়া যায়নি।’চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, শুরুতে আজিজের হাত-পা বেঁধে রাখে দুর্বৃত্তরা। পরে চিৎকার করার বা অন্য কোনো কারণে হয়তো তাঁর মাথায় আঘাত করা হয়। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কয়েকটি কক্ষের তালা ভেঙে প্রায় ৪৩ হাজার টাকা নিয়ে গেছে।’ নিহত আজিজের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।