চট্টগ্রামে বিদ্যালয়ের ১৫টি গাছ রাতে কেটে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার কাজেম আলী উচ্চবিদ্যালয়ের ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি শতবর্ষী দেবদারু গাছও রয়েছে। অবশিষ্ট ১২টি ফুলকড়ই গাছ। কয়েক দিনের মধ্যে আরও তিনটি গাছ কাটা হবে। বন বিভাগের অনুমতি না নিয়েই গত বৃহস্পতিবার থেকে রাতে এসব গাছ কাটা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কাজেম আলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ উমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সড়ক সম্প্রসারণ করার জন্য পাঁচ-ছয় মাস আগে জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। তাই সড়কের পাশের কয়েকটি গাছ আমরা কাটার সিদ্ধান্ত নিই।’ বন বিভাগের অনুমতি প্রসঙ্গে বলেন, ‘গাছ কাটার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করেছি। এ কারণে বন বিভাগের অনুমতি নিইনি।’গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা কাটা গাছের টুকরোগুলো ট্রাকে তুলছেন। বিদ্যালয়ের সামনে সড়কের পাশে মাত্র তিনটি দেবদারু গাছ পড়েছিল। একই সারিতে বিদ্যালয়ের মূল ভবনের একটি অংশও পড়েছে। গাছ কাটলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটি রক্ষার চেষ্টা করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ভবন রক্ষায় নানাভাবে চেষ্টা-তদবির করছি। বিদ্যালয় ভবনের বিপরীত দিকে কবরস্থান। এর কিছু অংশ ভরাট করে সড়ক সম্প্রসারণ করলে কোনো ক্ষতি হবে না।’ তাহলে গাছগুলো বাঁচানোর চেষ্টা করেননি কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘চউক ছয় মাস আগে নোটিশ দিয়েছে। তাই গাছ কেটে নিজেদের মালিকানায় নিয়েছি।’