চট্টগ্রামে বিদ্যুতের ভোগান্তি থাকবে আরও তিন বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল ও জরাজীর্ণ বিতরণ লাইনের কারণে চট্টগ্রামে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংও। নগরে উড়ালসড়কের নির্মাণকাজের জন্যও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলছেন, নতুন সাবস্টেশন ও বিতরণ লাইন নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি থেকে পুরোপুরি রেহাই মিলবে না। এ জন্য অপেক্ষায় থাকতে হতে পারে প্রায় তিন বছর।
চট্টগ্রাম নগরে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের দায়িত্বে আছে পিডিবি। সংস্থাটি চট্টগ্রাম নগর, পটিয়া, সীতাকুণ্ডের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিদ্যুৎ সরবরাহ করে।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজে চট্টগ্রাম নগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। কখনো পিডিবির পুরোনো লাইন, ট্রান্সফরমার বা সাবস্টেশনের মেরামত, কখনো বিভিন্ন গ্রিড স্টেশনের সংস্কার আবার কখনো মুরাদপুর-লালখানবাজার উড়ালসড়কের নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। কবে, কোথায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তা স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে জানাচ্ছে পিডিবি।
পিডিবি সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৮০ দিনের মধ্যে ৫৭ দিনই গড়ে (প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা) চট্টগ্রাম নগর ও এর আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে গত এক মাসে শুধু উড়ালসড়ক নির্মাণকাজের জন্যই ১০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল পিডিবি। ১২ দিন বন্ধ ছিল পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানির কাজের জন্য। মুরাদপুর, বিবিরহাট, মোহাম্মদপুর, শুলকবহর, পাঁচলাইশ, নাসিরাবাদ, কাতালগঞ্জ, জামালখান, খুলশী, লাভলেইন, কালুরঘাট, চান্দগাঁওসহ নগরের প্রায় সব এলাকাতে প্রতিদিনই বিদ্যুৎ-সংকটের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।
এ বিষয়ে মুরাদপুর-লালখানবাজার উড়ালসড়ক প্রকল্পের পরিচালক বলেন, ‘দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে অনুরোধ করছি আমরা। উড়ালসড়কের বিশাল আকৃতির গার্ডারগুলো ক্রেনের সাহায্যে বসানো হচ্ছে। এ কাজের সময় বিদ্যুতের খুঁটি ও তারে সংঘর্ষ হতে পারে। তবে ইতিমধ্যে আমরা অনেকগুলো খুঁটি সরানোর কাজ করেছি। দুই সপ্তাহ পর এ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে না।’
লাভলেইন এলাকার বাসিন্দা বিবি মরিয়ম বলেন, তাঁদের এলাকায় প্রতিদিন কমপক্ষে সাত থেকে আটবার বিদ্যুৎ যায়। কখনো ১০ মিনিট আবার কখনো এক ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
নাসিরাবাদ এলাকার ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ‘প্রায়ই দেখছি একটানা ছয় ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না। জেনারেটর মেশিনের জন্য ডিজেল কিনে কূল পাচ্ছি না।’
পিডিবির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে বিতরণ লাইনগুলো আট থেকে ৩০ বছর পর্যন্ত পুরোনো। সে কারণে অতিরিক্ত লোড হলেই লাইনে সমস্যা দেখা দিচ্ছে। সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলোর অবস্থাও জরাজীর্ণ। চট্টগ্রাম অঞ্চলের জরাজীর্ণ লাইনগুলো বদলাতে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৬৩ কিলোমিটার নতুন লাইন নির্মাণ ও ১ হাজার ১৬৭ কিলোমিটার বিদ্যমান লাইন উন্নত করা হবে। এ ছাড়া ১৪টি নতুন সাবস্টেশন নির্মাণ ও আটটি সাবস্টেশন উন্নত করা হবে। ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন’ নামের প্রকল্পটি ২০১৮ সালের জুনে শেষ হওয়ার কথা।
পিডিবি সূত্র জানায়, গরম বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে লোডশেডিংও শুরু হয়েছে। গত ২০ দিনের মধ্যে ১২ দিন চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়া গেছে। গত মঙ্গলবার চট্টগ্রামে ৯২৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, বিপরীতে পাওয়া গেছে ৭৩৫ মেগাওয়াট। লোডশেডিংয়ের পরিমাণ ছিল ১৯২ মেগাওয়াট। এর আগের দুদিন লোডশেডিং ছিল যথাক্রমে ৬০ ও ১০৭ মেগাওয়াট।
অবশ্য লোডশেডিং নয়, বিতরণ ব্যবস্থার ত্রুটিকে বড় সমস্যা মনে করছেন পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মা. আজহারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু কারিগরি কিছু সমস্যার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। আশা করছি, তিন বছরের মধ্যে বিতরণ লাইন প্রকল্পের কাজ শেষ হবে। তখন এসব সমস্যা আর থাকবে না।’