চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন তেলনির্ভর হয়ে পড়েছে
চট্টগ্রামে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রেখে ফার্নেস তেলভিত্তিক তিনটি কেন্দ্র সার্বক্ষণিকভাবে চালু রাখা হয়েছে। চট্টগ্রামের চাহিদার দুই-তৃতীয়াংশ বিদ্যুৎই আসছে তেলভিত্তিক কেন্দ্রগুলো থেকে। গরমের মৌসুমে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।অথচ গ্যাসভিত্তিক তিনটি কেন্দ্রে সাড়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও একমাত্র শিকলবাহা পিকিং বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে পাওয়া যাচ্ছে ১৫০ মেগাওয়াট। গ্যাসের অভাবে ৪২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন রাউজান এবং ৬০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন শিকলবাহা কেন্দ্র বন্ধ রয়েছে।কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কাপ্তাই) চারটি ইউনিট থেকে গড়ে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।জানা গেছে, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের দাম সবচেয়ে কম। প্রতি ইউনিটে উৎপাদন ব্যয় এক টাকা। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে দাম পড়ে দুই টাকার বেশি। আর ফার্নেস তেল দিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকার বেশি। শীতকালের পুরো সময় ফার্নেস তেলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ফলে প্রতিদিন গড়ে ১০০ মেগাওয়াট উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম পিডিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশে রাজনৈতিক সংকট যাচ্ছে। এই মুহূর্তে সরকার লোডশেডিং দিতে চায় না। তাই কিছুটা ব্যয়বহুল হলেও ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।জানা গেছে, চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উৎপাদিত বিদ্যুতের যে চাহিদা, তার বেশির ভাগই মেটানো হচ্ছে ফার্নেস তেলের তিনটি কেন্দ্র থেকে। এগুলো হচ্ছে সাঙ্গু, হাটহাজারী ও জুলদা। এর মধ্যে জুলদা বেসরকারি এবং অন্য দুটি সরকারি। বর্তমানে এই তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৩০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার বলেন, ‘গরমের মৌসুম শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদাও ক্রমশ বাড়ছে। এ জন্য আমরা উৎপাদনও ক্রমান্বয়ে বাড়িয়ে দিচ্ছি। এ অবস্থায় ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও আমাদের চালু করতে হচ্ছে। কারণ, এগুলো বন্ধ থাকলেও সরকারকে তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হয়।’