চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার
চট্টগ্রামে নির্মাণাধীন দুটি বিদ্যুৎকেন্দ্রের নতুন যন্ত্রপাতি চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু চোরাই যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী, নিমতলী ও জেলার সীতাকুণ্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. হাবিবুর রহমান, বেলাল হোসেন, ফারুক হোসেন ও আলী। পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ডের জনৈক মান্নানের গুদাম, নিমতলীর জনৈক জসিমের গুদাম ও এমএ আজিজ স্টেডিয়ামের পেছনে টোল রোডের একটি ভবন থেকে চোরাই যন্ত্রপাতি উদ্ধার করে।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ইবনে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি চুরির অভিযোগ পেয়ে আমরা অভিযান শুরু করি। একপর্যায়ে চারজনকে গ্রেপ্তার করে তাঁদের নিয়ে নগর ও জেলার তিনটি গুদাম ও ভবন থেকে চোরাই যন্ত্রপাতি উদ্ধার করি।’এসআই বলেন, ‘বন্দরকেন্দ্রিক একটি চোরাই সিন্ডিকেটের সদস্যরা এ চুরির সঙ্গে জড়িত। আমরা সিন্ডিকেটের আরও কয়েকজনের নামধাম পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’আমদানিকারকের পক্ষে যন্ত্রপাতি খালাসকারী প্রতিষ্ঠানের মালিক গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, হাটহাজারী ও দোহাজারী এলাকায় ১০০ মেগাওয়াট করে দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে। ওই দুটি কেন্দ্রের জন্য বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা হয়, যা বন্দরে খালাস হয়। বুধবারে বন্দর থেকে পরিবহনের সময় পথে দামি যন্ত্রপাতি চুরি হয়। পুলিশি অভিযানে কিছু যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।