চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাক চাপায় দুজনের মৃত্যু
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাক চাপার পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছেন নয়ন চৌধুরী (২৪) ও মো. সোহাগ (২৫)। গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে।
নয়ন চৌধুরীর বাড়ি বোট বাজার ১ নম্বর ইউনিয়নে। সোহাগের বাড়ি সাতক্ষীরা জেলার জাউডাঙ্গা এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, নয়ন গতকাল বেলা দেড়টার দিকে নিজ বাড়ির বিদ্যুৎ-সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। বেলা দুইটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. হামিদ জানান, ট্রাকচাপায় নিহত সোহাগ ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের মাদারবাড়ি ট্রাক স্ট্যান্ডে ইঞ্জিন চালু করা একটি ট্রাকের পেছনের চাকার সরাতে যান তিনি। ওই সময় চালকের আসনে কেউ ছিল না। চাকার পেছনের প্রতিবন্ধক সরানোর সঙ্গে সঙ্গে ট্রাকের নিচে চাপা পড়েন সোহাগ। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।