চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট নারীসহ দুজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম নগরে গতকাল শনিবার এক নারীসহ দুজন মারা গেছেন। তাঁরা হলেন মোহাম্মদ আলাউদ্দিন (২৭) ও রুনা আক্তার (২৪)।
আলাউদ্দিন ঝাউতলা পাহাড়িকা আবাসিক এলাকার নাহার এগ্রো গ্রুপের নির্মাণাধীন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে। আর রুনা আক্তার নগরের বায়েজিদ থানার বালুচড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. ওয়াহিদুল আলম জানান, গতকাল সকাল ১০টার দিকে আলাউদ্দিন নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে পানির পাইপ নিয়ে চারতলায় উঠছিলেন। এ সময় ভবনের চারতলায় একটি তার ঝুলছিল। অসাবধানতাবশত তারের সঙ্গে পানির পাইপ লেগে যায়। এতে আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, বালুচড়া এলাকায় নিজ বাসায় বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুনা আক্তার। গুরুতর আহত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।