চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম নগরের পৃথকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অপর এক নারী। সোমবার নগরের বাদুরতলা ও হালিশহর রামপুর এলাকায় পৃথক এই ঘটনা ঘটে।
বাদুরতলার ইলিয়াছ কলোনি এলাকায় সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউল করিম (৪০)। এ সময় তাঁকে ছাড়াতে গিয়ে স্ত্রী রূপছায়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিউলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান নিশ্চিত করেন।
হামিদুর রহমান বলেন, দোকানের দরজা কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে যায়। তাই এই দুর্ঘটনা ঘটে। রূপছায়া একই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে নগরের হালিশহর রামপুর এলাকায় খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (১২) নামে এক কিশোর মারা যায়। নায়েক হামিদুর রহমান বলেন, সাড়ে ১০টার দিকে কিশোরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।