চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে ঘুম থেকে উঠে গোসল করতে ঢোকেন ভাই। কিন্তু গোসলখানার টিনের দেয়াল আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। বিদ্যুৎস্পৃষ্ট ছোট ভাইয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এসে বোনও বিদ্যুৎস্পৃষ্ট হন। মারা যান দুজনই। গতকাল সোমবার সকালে নগরের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ভাইবোন হলেন বকুল চৌধুরী (২৭) ও ইন্দ্রা দাশ (৩০)। তাঁরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তুলাতলী গ্রামের রঘু চৌধুরীর সন্তান। ইন্দ্রা দাশ বোয়ালখালী থানার ইমামুল্লা গ্রামের প্রদীপ দাশের স্ত্রী। বায়েজিদ থানার উপপরিদর্শক দীপক দেওয়ান প্রথম আলোকে জানান, বালুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন চিন্তাহরণ চৌধুরী বাড়ি এলাকায় ইন্দ্রা দাশের পরিবার ভাড়া থাকে। ভাই বকুল বোনের বাসাতেই থাকতেন। গতকাল ভোর সাড়ে পাঁচটায় বকুল গোসল করতে যান। গোসলখানার টিনের দেয়াল আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল চিৎকার দিলে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ইন্দ্রা। এ সময় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।