চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সদস্যরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সদস্যরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী নিশ্চিত পরাজয় জেনে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার পরিকল্পনা করে। ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় রাজাকার ও আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। সব রাজাকারের বিচার এখনো শেষ হয়নি। এখনো বুদ্ধিজীবীদের ওপর হামলা অব্যাহত রয়েছে। ধর্মীয় উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর বর্তমান প্রজন্মকে মেধাশূন্য করতে মাদকের সাম্রাজ্য গড়ে উঠছে। এই মাদক সাম্রাজ্য ভাঙতে হবে। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, তা পালন করতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনায় অংশ নেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মরণে গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো
পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মরণে গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো

দক্ষিণ জেলা আ.লীগ: এদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতকাল বেলা তিনটায় আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংসদ ওয়াশিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। এরাই আবার স্বাধীন দেশে জঙ্গিবাদের বীজ বপন করে আমাদের সব অর্জনকে ধ্বংস করতে চায়। জঙ্গিবাদ নির্মূল করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিক সংগঠন: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দেন চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা। শহীদ মিনারে ফুল দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজের (একাংশের) সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার, সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমেদ প্রমুখ।
এ ছাড়া গতকাল বুধবার সন্ধ্যায় পাহাড়তলী বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে চট্টগ্রামের ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর, উদীচী, বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সংসদ পরিষদ। এ সময় শিশু ও তরুণ-তরুণীরা প্রজ্বলিত মোমবাতি হাতে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করে।
এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর ব্যানারে মোমবাতি প্রজ্বালন করা হয়।