চট্টগ্রামে বিনা মূল্যে ফরমালিন পরীক্ষা কার্যক্রম শুরু
‘ভালো খান, বেশি দিন বাঁচুন’—এ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি কাঁচাবাজারে ফরমালিন পরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সেখানে বিনা মূল্যে খাদ্যদ্রব্যে ফরমালিন পরীক্ষা করা হবে।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় এবং আলম ট্রেডিং করপোরেশন, এম আলম গ্যাস লিমিটেড ও মাসুদ অ্যান্ড ব্রাদার্সের সহযোগিতায় এ ব্যবস্থা চালু করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন কাজীর দেউড়ি কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বার পরিচালক এস এম মাহবুবুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী, কোতোয়ালি থানার সহকারী পুুলিশ কমিশনার মঞ্জুর মোরশেদ, ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম, ক্যাব নেত্রী জেসমিন সুলতানা, বাংলাদেশ দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালামত আলী প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্যক্রম জনগণের মধ্যে ফরমালিন আতঙ্ক দূর করতে সক্ষম হবে। পর্যায়ক্রমে নগরের বহদ্দারহাট, কর্ণফুলী ও রিয়াজউদ্দিন বাজারসহ চট্টগ্রামের সব বড় বড় বাজারে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।