চট্টগ্রামে বিনা মূল্যে বিতরণের ৫ হাজার বই উদ্ধার
বিনা মূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া প্রায় পাঁচ হাজার বই উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের রহমতগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ অভিযান চালানোর আগে বাসায় থাকা লোকজন পালিয়ে যায়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রহমতগঞ্জ এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনা মূল্যের ৫ হাজার ৩৭১টি বই উদ্ধার করা হয়েছে। অভিযান শুরুর আগে ওই বাসা থেকে পালিয়ে যান হাটহাজারীর সাদেক নগর এলাকার মৃত নজির আহম্মদ খানের ছেলে নিয়ামত উল্লাহ খান। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়ামত উল্লাহকে আসামি করে গতকাল বুধবার কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তদন্ত করা হচ্ছে, কীভাবে এতগুলো বই তাঁর কাছে এল।
গতকাল পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ওই বাসায় গিয়ে দেখা যায়, বাসাটি তালাবদ্ধ। পাশের ফ্ল্যাটের এক নারী ভাড়াটে বের হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা গতকাল সন্ধ্যায় বলেন, বিনা মূল্যের বই খোলাবাজারে বিক্রি হচ্ছে, এ রকম একটি তথ্য পেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নগর পুলিশ কমিশনারকে জানানো হয়। বই কীভাবে খোলাবাজারে গেল, তা পুলিশকে খুঁজে বের করতে হবে।