চট্টগ্রামে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানির পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করার প্রতিবাদে চট্টগ্রামে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) ভবনের সামনের সড়কে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং এসব কর্মসূচি পালন করে। ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, খোরশেদ আলম, চন্দন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আদালতের আশ্রয় নেওয়ার অধিকার পরিচালকদের থাকলেও কোম্পানির ন্যূনতম শেয়ার ধারণ না করে পরিচালক থাকা লজ্জাজনক ও অপমানজনক। পুঁজিবাজারের ৩৪ লাখ বিনিয়োগকারীর দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও আত্মহত্যার মতো ঘটনা ঘটার পর সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। কিন্তু শত শত পরিচালক বিনিয়োগকারীদের প্রতি সম্মান দেখিয়ে শেয়ার ধারণ করলেও গুটি কয়েক পরিচালক শেষ সময়ে এসে আদালতে রিট করে পুঁজিবাজারকে অস্থিতিশীল করে কম দামে শেয়ার কেনার ষড়যন্ত্র করছেন। বিনিয়োগকারীরা এ ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা বিনিয়োগকারীদের বিপক্ষে অবস্থান না নেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের প্রতি অনুরোধ জানান। তাঁরা আদালতে রিটকারীদের বর্জনের আহ্বান জানান।