পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার সময় না বাড়ানোর দাবিতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বিনিয়োগকারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।দাবিগুলোর মধ্যে রয়েছে: আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের রিটকারী পরিচালকদের পক্ষ না নেওয়া, কোম্পানির পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার কেনার সময় না বাড়ানো, ২২ মের মধ্যে শর্ত পূরণ না করা পরিচালকদের পদচ্যুত করা, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং করপোরেট কর কমিয়ে পুঁজিবাজারবান্ধব বাজেট প্রণয়ন।বিনিয়োগকারীদের সংগঠন চিটাগাং ইনভেস্টরস ফোরামের আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী। বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম, চন্দন চৌধুরী, বোরহান উদ্দিন, আবদুর রহিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আদালতের আশ্রয় নেওয়ার অধিকার পরিচালকদের থাকলেও তাঁদের ন্যূনতম শেয়ার ধারণ না করা লজ্জাজনক। এ অবস্থায় বিনিয়োগকারীদের প্রতি সম্মান দেখিয়ে পরিচালকদের অনেকে শেয়ার ধারণ করলেও গুটিকয়েক পরিচালক শেষ সময়ে এসে আদালতে রিট করে পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তুলছেন। সমাবেশ শেষে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বেরোতে চাইলে পুলিশি বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়।