চট্টগ্রামে বিনিয়োগকারীরা আজ ও আগামীকাল বিক্ষোভ ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের ব্যানারে বিনিয়োগকারীরা দরপতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নগরের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশ করেন। তাঁরা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অনুরূপ সমাবেশের ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী প্রমুখ। এতে বক্তারা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। গতকাল নগরের বেশির ভাগ ব্রোকারেজ হাউসে ছিলেন হাতেগোনা কয়েকজন বিনিয়োগকারী। চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে শেয়ারবাজার ক্রেতাশূন্য। কেউই নতুন করে শেয়ারে টাকা বিনিয়োগ করছেন না। বাজারের স্থিতিশীলতার জন্য মুদ্রানীতি সংশোধন, শেয়ার লেনদেনের সময় কমিয়ে আনা দরকার।’