চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের স্বাস্থ্য, পর্যটন, চট্টগ্রামে বন্দরের অবকাঠামো ও শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববাণিজ্যকেন্দ্রে সিঙ্গাপুরের ২৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম চেম্বার এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি চট্টগ্রামের বিশেষায়িত শিল্পাঞ্চলে সম্ভাবনাময় খাতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, জাহাজনির্মাণ, হালকা প্রকৌশল, পর্যটন, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ রয়েছে চট্টগ্রামে। সহজে ভিসাপ্রাপ্তি নিশ্চিত করতে চট্টগ্রামে বিশ্ববাণিজ্যকেন্দ্রে কনসাল অফিস স্থাপনে বিনা মূল্যে অফিসকক্ষ দেওয়ার ঘোষণা দেন তিনি।

চেম্বার জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুন নেওয়াজ চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম ছিক বলেন, চট্টগ্রামে সিঙ্গাপুরের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর এর সভাপতি মির্জা গোলাম সবুর বলেন, সিঙ্গাপুর প্রায় ৩ লাখ কোটি টাকা বিদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে কিছু অংশ বা ২০ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে তাঁদের আগ্রহ রয়েছে।