চট্টগ্রামে বিনোদনকেন্দ্র ঘিরে উত্সবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সারাটা দিন ছিল বৃষ্টির দখলে। তাই পরদিন সকালে রোদ হেসে উঠতেই ঘর ছেড়েছেন উত্সবপ্রিয় নগরবাসী। গত মঙ্গল ও বুধবার নগরের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রিয়জনদের নিয়ে ঈদের ছুটিতে নগরবাসী ঘুরে বেড়িয়েছেন এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। গত মঙ্গলবার সকাল থেকেই বিনোদনকেন্দ্রগুলোতে ছিল সব বয়সী মানুষের আনাগোনা। নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, কর্ণফুলী শিশুপার্ক, স্বাধীনতা পার্ক, চট্টগ্রাম পার্ক, চিড়িয়াখানা, ফয়’স লেকসহ সব বিনোদনকেন্দ্রে ছিল প্রচণ্ড ভিড়। নগরের ফয়’স লেক ওয়াটার পার্কে বন্ধুদের নিয়ে গতকাল বুধবার এসেছিলেন ইশতিয়াক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন বৃষ্টি ছিল, তাই কোথাও যেতে পারিনি। ঈদ মানেই আনন্দ, তাই সবাইকে নিয়ে এখানে ছুটে এসেছি। সারা দিন এখানেই কাটাব।’ ঈদের আনন্দ ছুঁয়ে গেছে সব ধর্ম-বর্ণের মানুষকেই। বন্ধুদের সঙ্গে ফয়’স লেকে গত মঙ্গলবার দুপুরে বোটে চড়েছিলেন মং ওয়াই সিং। তিনি বলেন, ‘বাবা-মা সবাই বাড়ি গেছে। একা আর কতক্ষণ ঘরে থাকা যায়। তালা দিয়ে আমিও বেরিয়ে পড়েছি। লেকে ঘুরতে খুবই ভালো লাগছে।’ ফয়’স লেকে দেখা মিলেছে বিদেশি পর্যটকদেরও। চট্টগ্রামে বসবাসকারী ফিলিস্তিন, ইরান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকেরাও ঘুরতে আসেন এখানে। মঙ্গলবার বিকেলে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে ছিল হাজারো মানুষের ঢল। ওই দিন দুপুর থেকেই ভিড় বাড়তে শুরু করে। বিকেলে সৈকতে আর তিল ধারণের স্থান ছিল না। ভিড় ঠেলেই সৈকতে হেঁটেছেন ভ্রমণপিয়াসীরা। শিশুরা ঘোড়ায় চড়েছে, ছিল নাগরদোলাও। সিইপিজেড এলাকা থেকে সহকর্মীদের সঙ্গে এসেছিলেন সায়মা সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, ‘চাকরি করতে করতে পুরোনো বন্ধুদের সঙ্গে তেমন যোগাযোগ হয় না। এখন সহকর্মীদের সঙ্গেই সারা দিন কাটে। এবার তাঁদের নিয়েই ঘুরতে এসেছি।’ মঙ্গলবার বিকেলে জোয়ারের কারণে সৈকতে নামতে পারেনি দর্শনার্থীরা। তবে সন্ধ্যার দিকে ভাটা শুরু হলে সবাই নেমে পড়ে সৈকতে। শিশু-কিশোরেরা ছুটে বেড়িয়েছে সৈকতজুড়ে। কেউ কেউ বাঁধের পাথরে দাঁড়িয়ে উপভোগ করেছে সূর্যাস্তের দৃশ্য।