চট্টগ্রামে বিপণিবিতানে আগুন, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি বিপণিবিতানে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি বিপণিবিতানে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজা নামের একটি বিপণিবিতানে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে এক দোকান কর্মচারী মারা গেছেন। আগুনে বিপণিবিতানের ৩৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে পাঁচতলা বিপণিবিতানের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি দরজির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মোহাম্মদ হাসান (২৮) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। তিনি বিপণিবিতানের তৃতীয় তলার বোম্বাই স্টোর নামের একটি দরজির দোকানে কাজ করতেন।
আগুনে বিপণিবিতানের তৃতীয় তলার ৩৩টি দোকান কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে অন্যান্য তলায় আগুন ছড়াতে পারেনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ছয়টি স্টেশনের ১৬টি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বের করা যায়নি। এ জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
পুলিশ, বিপণিবিতানের ব্যবসায়ী ও কর্মচারীদের ধারণা, তৃতীয় তলার দরজি দোকানের ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত, তা তাঁরা বলতে পারেননি।
বিপণিবিতানের ব্যবসায়ীরা বলেন, বিপণিবিতানের তৃতীয় তলার ১৮ দরজির দোকানে শত শত নারীর ঈদের পোশাক তৈরি হচ্ছিল। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এখন দরজির দোকানগুলোতে কাজের অনেক চাপ। এ কারণে অনেক দরজি ও কর্মচারী সারা রাত কাজ করে দোকানেই থাকতেন। তিনি বলেন, দরজির দোকান বোম্বাই স্টোরের কর্মচারী মোহাম্মদ হাসান আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের সময় তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা দিশেহারা। গ্রাহকদের কার্যাদেশ অনুযায়ী পোশাক সেলাই করে রেখেছিলেন তাঁরা। কিছু পোশাক তৈরি করা হচ্ছিল। কিন্তু আগুনে অধিকাংশ পোশাক পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। আগুন লাগার খবর পেয়ে সেন্ট্রাল প্লাজায় ছুটে আসেন কাপড় সেলাই করতে দেওয়া অনেকে।
এদিকে বিপণিবিতানের অন্য ব্যবসায়ীরা আছেন ক্রেতা কমার আশঙ্কায়। ঈদের বাজার থেকে বিনিয়োগ করা অর্থ তুলতে পারবেন কি না, এ নিয়ে সন্দিহান তাঁরা।
বিপণিবিতানের তৃতীয় তলায় দরজি, ব্যাগ, জুতা ও সুতার ৩৩টি দোকান আছে। বিপণিবিতানটিতে মোট দোকান ১৮৮টি। প্রথম ও দোতলায় পোশাক, জুয়েলারি সামগ্রীর দোকান; চতুর্থ তলায় অফিস এবং পঞ্চম তলায় পোশাক কারখানা।
সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরী বলেন, আগুনে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এখন আগুনে তাঁদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণে মঙ্গলবার বন্ধ থাকলেও বুধবার (আজ) সকালে দোকান খুলে দেওয়া হবে।
‘আমার সব শেষ’: গতকাল সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাঁদের সহযোগিতা করছিলেন বিপণিবিতানের বিভিন্ন দোকানের কর্মচারীরা। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরা। এ সময় অনেককে আহাজারি করতে দেখা যায়।
বিপণিবিতানের তৃতীয় তলার লেডিস ফার্স্ট নামের দরজি দোকানের মালিক জয় নাথ বলেন, ‘দোকানের ক্যাশবক্সে নগদ পাঁচ লাখ টাকা ছিল। মালামাল ছিল অর্ধকোটি টাকার মতো। কাস্টমারদের অর্ডার দেওয়া কাপড় সেলাইয়ের কাজ প্রায় শেষ। দু-এক দিনের মধ্যে তাঁদের কাছে সরবরাহ করার কথা। আগুনে আমার টাকা-কাপড়—সব পুড়ে শেষ।’
অন্তরা লেডিস টেইলার্সের মালিক মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে মানুষের কাছ থেকে ধার-দেনা করে কাপড় কিনেছি। গ্রাহকেরাও কাপড় দিয়ে গেছেন সেলাই করার জন্য। কিন্তু আগুনে পুড়ে সব শেষ। গ্রাহকদের একটি কাপড়ও সরবরাহ করতে পারিনি।’
বিপণিবিতানের দোতলায় জুয়েলারি দোকান নওশীনের মালিক সৈয়দ হামজা বলেন, ব্যবসা যখন জমতে শুরু করেছে, তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন সবকিছু গুছিয়ে ব্যবসা শুরু করতে দু-তিন দিন লেগে যাবে। এতে বিনিয়োগের টাকা তুলতেই কষ্ট হয়ে যাবে।
নাঈমা করিম নামের এক গৃহিণী বলেন, ‘তিনতলার একটি দরজির দোকানে চারটি দামি কাপড় সেলাই করতে দিয়েছিলাম। আগুনে হয়তো কাপড়গুলো পুড়ে গেছে। এ রকম হলে পুরোনো কাপড় দিয়ে ঈদ করতে হবে।’