চট্টগ্রামে বিপুল পরিমাণ ট্যাংয়ের মেয়াদোত্তীর্ণ কার্টন জব্দ
চট্টগ্রাম নগরের টেক্সটাইল এলাকায় সজীব গ্রুপের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ট্যাংয়ের কার্টন জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ অভিযান চালানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জব্দ করা পণ্যের সঠিক পরিমাণ জানাতে পারেনি। তারা ধারণা করছে, জব্দ করা ট্যাংয়ের কার্টনের (প্রতিটিতে ৬টি বোতল) পরিমাণ ২০ হাজার হবে। তবে সজীব গ্রুপের কর্মকর্তারা দাবি করছেন, গুদামে ৮ থেকে ১০ হাজার ট্যাংয়ের কার্টন রয়েছে।
আটক হওয়া সজীব গ্রুপের গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (স্টোর ইনচার্জ) মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেছেন, মেয়াদোত্তীর্ণ এসব পণ্য ধ্বংস করার জন্য বাজার থেকে সংগ্রহ করে গুদামে নিয়ে আসা হয়েছে। অভিযানে আটক হওয়া অন্য দুজন হলেন স্টক ম্যানেজার মো. শফিউল্লাহ ও স্টোরকিপার মো. মাহবুবুর রহমান। তিন কর্মকর্তা ছাড়া গুদামে ২০ জন শ্রমিক নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় বায়েজিদ থানার উপপরিদর্শক একরাম উল্লাহ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজীব গ্রুপের গুদামে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে ট্যাংয়ের আনুমানিক ২০ হাজার কার্টন জব্দ করা হয়েছে। এসব কার্টনের কোনোটিরই মেয়াদ নেই। এসব কার্টন ও কার্টনের ভেতরে রাখা ট্যাংয়ের বোতলে নতুন করে তারিখ বসিয়ে পুনরায় বাজারজাত করার প্রক্রিয়া চলছিল। এসব পণ্য জব্দ করে গুদামটিতে পুলিশের পাহারা বসানো হয়েছে।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, কারখানার লোকজন জানিয়েছেন গুদামের অন্যান্য পণ্যের কার্টনগুলোর মেয়াদ ঠিক রয়েছে। তবে ট্যাংয়ের কার্টনগুলোর মেয়াদ নেই। মেয়াদোত্তীর্ণ কার্টনগুলো বাজার থেকে সংগ্রহ করে এখানে এনে রাখা হয়েছে। এরপর মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে দিয়ে সেখানে নতুন করে মেয়াদের তারিখ বসানো হচ্ছে। পরে এসব কার্টন সারা দেশে বাজারজাত করা হবে।
তবে স্টোর ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে জানান, এক সপ্তাহ আগে মেয়াদোত্তীর্ণ এসব পণ্য বাজার থেকে সংগ্রহ করে গুদামে এনে রাখা হয়। এসব পণ্য গ্রুপের নারায়ণগঞ্জের কারখানায় নিয়ে ধ্বংস করার পরিকল্পনা ছিল।
সজীব গ্রুপের আটক হওয়া কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে আসা পণ্যগুলো প্রথমে গুদামে রাখা হয়। পরে সরবরাহকারীদের (ডিস্ট্রিবিউটর) মাধ্যমে সারা দেশে বাজারজাত করা হয়।