চট্টগ্রামে বিপ্লব উদ্যানে ফুল দিলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির বিভিন্ন পক্ষ ৭ নভেম্বর পালন করেছে। এবারই প্রথম নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল দিলেন সিটি মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মন্জুর আলম। গতকাল শুক্রবার বেলা সোয়া ১২টায় তিনি ফুল দিয়ে ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করেন।
গতকাল বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচি শেষ হওয়ার পর সিটি মেয়র বিপ্লব উদ্যানে যান। সেখানে ফুল দিয়ে তিনি কিছুক্ষণ অবস্থান নেন। সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসায় মন্জুর আলম বিএনপির কর্মসূচিগুলোর সঙ্গে নিজের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘বিপ্লব উদ্যানে আমাদের কর্মসূচি শেষ হয় সাড়ে ১১টার দিকে। এর ৩০-৪০ মিনিট পর মেয়র বিপ্লব উদ্যানে যান।’
গতকাল সকাল ১০টা থেকে ষোলশহর বিপ্লব উদ্যানে আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর নাছিরের অনুসারীরা বিপ্লব উদ্যানে ভিড় শুরু করেন। এই তিন নেতার অনুসারী ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরীও সেখানে ফুল দেন। পরে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়। এতে অংশ নেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান।