চট্টগ্রাম নগর যুবদলের বিবদমান পক্ষগুলো গতকাল মঙ্গলবার সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করেছে।
গতকাল সকালে নগরের লাভ লেইনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করেন নগর যুবদলের সভাপতি কাজী বেলাল। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকার কারণে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে বাংলাদেশ ক্রমান্বয়ে কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’
আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘গণতন্ত্র এখন গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে। স্বৈরাচার সরকারের নিয়ন্ত্রিত শাসনব্যবস্থার কারণে সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। মাঠে-ময়দানে জনসভা করার মৌলিক অধিকার হরণ করে সরকার আমাদের সাংগঠনিক তৎপরতা চার দেয়ালের মধ্যে করতে বাধ্য করছে।’
আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নব্বইয়ের মতো সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে শামিল হতে হবে।’
নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এদিকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। মিলাদ মাহফিলের পর দেওয়া বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘এই সরকার অবৈধভাবে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে কিছু বললেই গ্রেপ্তার-নির্যাতন করা হয়।’
এ ছাড়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সোয়া নয়টায় বিপ্লব উদ্যানে ফুল দেন যুবদলের নেতা-কর্মীরা।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘যুবসমাজকে ঐক্যবদ্ধ করে অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারকে বিতাড়িত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার কায়েম করতে হবে।’
চকরিয়ায় যুবদলের শোভাযাত্রায় পুলিশের বাধা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়া পৌর শহরের সড়ক ও জনপথ বিভাগের বাংলোর সামনে থেকে শোভাযাত্রা বের করেন যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে শোভাযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোবারক আলী বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি থাকলেও পুলিশ শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাধা দিয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, নাশকতার আশঙ্কা থাকায় যুবদলের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে সড়ক ও জনপথ বিভাগের বাংলো এলাকায় সমাবেশ হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোবারক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন ও বরইতলী ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম।
এদিকে গতকাল বিকেলে চকরিয়ার পৌর মেয়র নুরুল ইসলামের নেতৃত্বে যুবদলের একটি শোভাযাত্রা বের হয়। সোসাইটি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।