চট্টগ্রামে বিভাগীয় ফিজিক্স অলিম্পিয়াড আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ই ইউ এম ইনতেখাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল নয়টা থেকে ঘণ্টাব্যাপী এমসিকিউ ও কুইজ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। পরে উদ্বোধনী অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, বইমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে। অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন।শুক্রবার বেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠেয় বিভাগীয় ফিজিক্স অলিম্পিয়াডে সপ্তম ও অষ্টম শ্রেণীকে ‘এ’, নবম ও দশম শ্রেণীকে ‘বি’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীকে ‘সি’ গ্রুপে ভাগ করে তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে ২০ জন করে সর্বোচ্চ নম্বরধারী মোট ৬০ জনকে বাছাই করা হবে, যারা জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় অলিম্পিয়াড আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘সি’ গ্রুপের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে প্রতিযোগিতার ভিত্তিতে বাছাই করা হবে। পরে এদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আবার পরীক্ষার মাধ্যমে সর্বশেষ পাঁচজনকে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এ বছরের ১৫ থেকে ২৪ জুলাই পর্যন্ত এস্তোনিয়ায়। উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরাই আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা রাখে।