চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার নগরের প্রেসক্লাব, প্রবর্তক মোড়, শহীদ মিনার, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে বক্তারা সব ধর্মীয় ও ক্ষুদ্র সম্প্রদায়ের নিরাপত্তা দাবির পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল দুপুরে নগরের জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করে প্রমা আবৃত্তি সংগঠন। এতে গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, খেলাঘর, ঐক্যতান সাংস্কৃতিক গোষ্ঠী, নরেণ আবৃত্তি একাডেমি, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি দল, ঐক্যতান পরিবার, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, জনউদ্যোগ, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী, সংশপ্তকসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।
সমাবেশে শহীদ জায়া মুশতারী শফি বলেন, ‘মুসলিমের পাশাপাশি অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীও এ দেশের নাগরিক। কিন্তু প্রতিবার নির্বাচনের সময় তাদের ওপর হামলা হয়। সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে এ ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’
গবেষক মাহফুজুর রহমান বলেন, একাত্তরের মতো আবারও ধর্মীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলা শুরু হয়েছে। এসব হামলাকারীর কঠোর শাস্তি দিতে হবে।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, চিকিৎসক ইমরান বিন ইউনুছ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, উন্নয়ন সংগঠক কমল সেনগুপ্ত, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসাইন কবির ও কুন্তল বড়ুয়া, নারীনেত্রী জেসমিন সুলতানা, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সংস্কৃতিকর্মী অনুপ বিশ্বাস প্রমুখ।
উদীচী: একই দাবিতে বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের পর সহিংসতা হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। তার পরও সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
বক্তারা বলেন, এ দেশ সবার, এ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করবে। কিন্তু ক্ষুদ্রদের ওপর বার বার হামলার ঘটনা ঘটলেও এর কোনো গ্রহণযোগ্য বিচার হয় না। এখন সময় এসেছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।
সমাবেশে অধ্যাপক আবুল মনসুর, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক সুনীল ধর, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, পঞ্চানন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। হিন্দু ডক্টরস অ্যাসোসিয়েশন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও সহিংসতার প্রতিবাদে প্রেসক্লাব চত্বরে সকালে একটি মানববন্ধন ও সমাবেশ করে। ঝুলন দাশ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার চৌধুরী, উপদেষ্টা প্রদীপ দত্ত, ডা. সুযত পাল, ডা. বাসনা মুহুরী, ডা. সুভাষ মজুমদার, বিশ্বজিৎ দত্ত, সোমা চৌধুরী, সৌমেন সরকার, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। সরকার ও রাষ্ট্র হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। ইসকন: সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এক বিশাল মিছিল বের করে। বেলা তিনটার দিকে নগরের প্রবর্তক এলাকা থেকে মিছিলটি বের করা হয়। ‘আর নয় প্রতিরোধ, এবার নেব প্রতিশোধ’ ‘শাস্তি চাই, শান্তি চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনের দাবি জানানো হয়। এ ছাড়া মহিলা পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।