চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা
জামায়াতের ডাকা দিনব্যাপী হরতালের শুরুতেই আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনায় দুজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরে পুলিশ ওই এলাকা থেকে দুজনকে আটক করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, চৌমুহনী এলাকায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াত-শিবিরের সমর্থকেরা ককটেল ছুড়ে মারেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিবিরের সমর্থক দুই তরুণকে আটক করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে, সকাল পৌনে নয়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন বায়েজীদ এলাকায় সেনাকল্যাণ পেট্রলপাম্পের কাছে একটি হিউম্যান হলারে থাকা যাত্রীবেশী দুর্বৃত্তরা পেট্রল ছিটানোর চেষ্টা করে। পরে লেগুনার চালক ও অন্য যাত্রীদের চিত্কারে টহল পুলিশ ছুটে এলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ প্রথম আলো ডটকমকে জানান, দুর্বৃত্তরা যাত্রী হিসেবে লেগুনায় উঠেছিল। পরে গাড়ি থামলে তারা বোতলে রাখা পেট্রল ঢালার চেষ্টা করে। পরে টহল পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সকালে জামায়াত-শিবিরের সমর্থকেরা নগরের রাহাত্তারপুল, গোলপাহাড় মোড় এলাকায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি।