চট্টগ্রামে বিমান বন্দর থেকে মীর নাছির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ার-পারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির-উদ্দিনকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অভিবাসন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, বুধবার চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা হলের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় দুজন অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়। এ ছাড়া একই দিন কাজীর দেউরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় মীর নাছিরকে আসামি করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাঁকে (মীর নাছির) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক ঘটনায় দুটি মামলা রয়েছে।’

এ দুই মামলায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে এডিসি মিজানুর রহমান জানান।

চট্টগ্রাম নগর: বুধবারের মতো গতকাল নগরের প্রবেশপথগুলোতে অবরোধ-সমর্থকদের তৎপরতা ছিল না। তবে সকালের দিকে নগরের বায়েজিদ সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেন অবরোধকারীরা।

এদিকে গতকালও সারা দেশ থেকে চট্টগ্রাম কার্যত বিচ্ছিন্ন ছিল। চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কোনো গাড়িও প্রবেশ করেনি। তবে নগরে গণপরিবহন চলাচল করেছে।

গতকাল সকালে চট্টগ্রাম স্টেশন থেকে সুবর্ণ ও মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ট্রেনগুলো মাঝপথে আটকা পড়েছে বলে রেলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে। একইভাবে ঢাকা থেকে বুধবার রাতে ছেড়ে আসা তূর্ণা নিশীথা গতকাল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে পৌঁছেনি। এটি কুমিল্লার লাকসামের কাছে আটকা পড়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।