চট্টগ্রামে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, তিন আরোহী আহত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে গতকাল বুধবার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন আরোহী আহত হয়েছেন।
এমআই সেভেনটিন নামের হেলিকপ্টারটি প্রশিক্ষণের পাশাপাশি দাপ্তরিক কাজেও ব্যবহৃত হতো। গতকাল প্রশিক্ষণের সময় এটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ছিল।
দুর্ঘটনায় হেলিকপ্টারের আহত তিন আরোহী হলেন স্কোয়াড্রন লিডার সাফায়েত, পাইলট অফিসার ফুয়াদ ও সার্জেন্ট ফেরদৌস। সাফায়েত ও ফেরদৌসকে ঢাকা সিএমএইচে এবং ফুয়াদকে চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম জানান, বিমানবন্দরের পাশে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হেলিকপ্টার থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষে অবতরণের জন্য সংকেত পাঠানো হলে রানওয়েতে অন্য বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বেলা ১১টা ৬ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানবাহিনীর উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল দ্রুত আরোহীদের উদ্ধার করেন এবং আগুন নিভিয়ে ফেলেন।