চট্টগ্রামে বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
আকাশে ওড়ার ৪৫ মিনিট পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে। উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গতকাল শুক্রবার সকাল ১০টা ৫৪ মিনিটে এই ঘটনা ঘটে।
পরে ত্রুটি সারিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটি আবার গন্তব্য শারজাহের উদ্দেশে উড়াল দেয়।
গতকাল সকাল ১০টা ১০ মিনিটে ১৩৪ যাত্রী নিয়ে এয়ার অ্যারাবিয়ান উড়োজাহাজটি আরব আমিরাতের শারজাহের উদ্দেশে যাত্রা করেছিল। আকাশে উড়াল দেওয়ার পর এটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজের এসি তখন কাজ করছিল না। ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে আবার এটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে যাত্রীদের কোনো সমস্যা হয়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ১৩৪ যাত্রী নিয়ে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এতে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তিনি আরও জানান, বিমানের ত্রুটির কাজ সেরে নিয়ে বেলা সাড়ে ১২টায় এয়ার অ্যারাবিয়ানের উড়োজাহাজটি আবার শারজাহের উদ্দেশে যাত্রা করে।