চট্টগ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমির দখল নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মহিউদ্দিন মুন্না, সাইফুদ্দিন খালেদ, হাকিম, মাহবুব ও মোশাররফ। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় মামলা হলে ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘কাঠগড় হিন্দুপাড়ার ১ নম্বর গলির ওই জমিটির মালিক ’৭১ সালে ভারতে চলে যান। সেই থেকে ওই জমিতে দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা হয়ে আসছে। বিভিন্ন পক্ষ জমিটির মালিকানাও দাবি করে আসছে। এ নিয়ে আদালতে মামলাও আছে।’ ওসি প্রদীপ কুমার দাশ আরও বলেন, ‘মামলা নিষ্পত্তি হওয়ার আগেই গত শুক্রবার স্থানীয় কয়েকজন গিয়ে ওই জমিতে সাইনবোর্ড টাঙাতে এবং পূজামণ্ডপটি দখলে নেওয়ার চেষ্টা করে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করি।’ গত শুক্রবার রাতে ওই পূজামণ্ডপের সাধারণ সম্পাদক কাজল লোধ বাদী হয়ে থানায় মামলা করেন। আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক প্রথম আলোকে বলেন, ‘জমিটির নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ আছে। তিন-চারজন ওই জমির মালিকানা দাবি করছে। স্থানীয়রা কয়েকজন মিলে সাইনবোর্ড লাগাতে গিয়েছিল। পুলিশ পাঁচজনকে ধরে নিয়ে গেছে।’