চট্টগ্রামে বিরোধপূর্ণ বাড়ির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাগমনিরাম মসজিদ গলি এলাকায় বিরোধপূর্ণ একটি বাড়ির দখলকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন নারীসহ আটজনকে আটক করেছে।আহত ব্যক্তিরা হলেন পারভীন আক্তার (৩৫), বিবি আয়েশা (২৬), আনোয়ারা সুলতানা (৪৭), খতিজা বেগম (২৩) ও মোহাম্মদ জসিম উদ্দিন (২৮)। তাঁদের মধ্যে পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, বাগমনিরাম মসজিদ গলি এলাকার তিনটি বাড়ির মালিকানা নিয়ে আবদুর রাজ্জাক ও তাঁর আত্মীয় মো. শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলছে। বেলা ১১টার দিকে এক পক্ষ আরেক পক্ষের লোকজনকে ঘর থেকে বের করে দিয়ে একটি বাড়ি দখলের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ২০-২৫ জন নারী সংঘর্ষে লিপ্ত হয়। তাৎক্ষণিকভাবে নারী পুলিশ না থাকায় সংঘর্ষ থামাতে পুলিশ কর্মকর্তাদের বেগ পেতে হয়। পরে বিপুল সংখ্যক নারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের নারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, বাড়ির মালিকানা নিয়ে রাজ্জাক ও শাহাবুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের করা কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। গতকাল বাড়িগুলোর দখল-পাল্টা দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়।