চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত
চট্টগ্রাম নগরে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বিলবোর্ড, ৩০টি সাইনবোর্ড অপসারণ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল চকবাজারের গণি বেকারি মোড় থেকে গুলজার মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় নাহিন অ্যাডের দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আর নিউ অ্যাডওয়ের একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় তিন হাজার টাকা। এ ছাড়া অপসারণ করা একটি বিলবোর্ড ও ৩০টি সাইনবোর্ডের মালিক পাওয়া যায়নি। অভিযানে তিনটি তোরণও উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, অবৈধভাবে স্থাপন করায় এসব বিলবোর্ড, তোরণ ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।