চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ
চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচটি বিলবোর্ড, ১০টি মেগা সাইন (ছোট আকৃতির বিলবোর্ড) ও দুটি খুঁটি উচ্ছেদ করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল সকালে নগরের জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করতে যান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। এ সময় অ্যাডভেলি ও অ্যাডওয়ে নামের দুটি প্রতিষ্ঠান বিলবোর্ড উচ্ছেদের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা-সংক্রান্ত কাগজপত্র উত্থাপন করে। পরে নিষেধাজ্ঞা থাকা বিলবোর্ডগুলো অপসারণ করা থেকে বিরত থাকে সিটি করপোরেশন।
সিটি করপোরেশন সূত্র জানায়, পরে অন্য বিলবোর্ডগুলো অপসারণ করার সিদ্ধান্ত নিয়েও তা করতে পারেনি করপোরেশন। জিইসি মোড় এলাকা দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেখানে বিলবোর্ড উচ্ছেদ করা যায়নি। পরে সিডিএ অ্যাভিনিউর সড়ক বিভাজক থেকে ১০টি মেগা সাইন অপসারণ করা হয়।
অ্যাডওয়ের মালিক জুবের আলম শাহীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব বিলবোর্ডের ২০১৪-১৫ অর্থবছরের কর পরিশোধ করা আছে। আদালত এসব বিলবোর্ড অপসারণে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘কোনটি বৈধ আর কোনটি অবৈধ বিলবোর্ড, তা রাজস্ব বিভাগ বলতে পারবে। আমার কাজ অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেটি নিশ্চিত করা।’
এদিকে নগরের ২ নম্বর গেট থেকে ষোলশহর বন বিভাগ গেট পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ। ওই এলাকা থেকে পাঁচটি বিলবোর্ড ও দুটি খুঁটি অপসারণ করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।