চট্টগ্রামে বিলবোর্ড পড়ে শ্রমিক নিহত, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর সিম্যান্স হোস্টেল এলাকায় বিলবোর্ড পড়ে কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তার পাশে একটি বিলবোর্ড সরানোর জন্য আরও পাঁচ-ছয়জন শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন কামাল মিয়া। এ সময় বিলবোর্ডটি তাঁর গায়ের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কামাল মিয়ার বাড়ি কিশোরগঞ্জের নিকলিতে।এ ঘটনায় গতকাল বুধবার বন্দর থানায় মামলা হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের সাইনবোর্ড পরিদর্শক আবুল মনসুর বলেন, বিলবোর্ডটির মালিক এবিসি অ্যাডের মোবারক উল্লাহ। তবে এবিসি অ্যাডের মালিক মোবারক উল্লাহ বলেন, ‘বিলবোর্ডটি আমার নয়। এ বিলবোর্ডের মালিক আমবাগানের রাসেল। নিহত কামাল মিয়াসহ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। গর্ত খোঁড়ার সময় বিলবোর্ডটি পড়ে গেলে লোকটি চাপা পড়েন। তখন অন্যরা তাঁকে উদ্ধার না করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ অন্যদিকে রাসেল বলেন, ‘বিলবোর্ডের মালিক মোবারক উল্লাহ। আমি সেটি বসানোর ঠিকাদারি নিয়েছিলাম।’বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এরপর বাকি সবকিছু স্বাভাবিক নিয়মেই চলবে।’