চট্টগ্রামে বিশেষ সতর্কতা পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিযবুত তাহ্রীর অথবা জামায়াতে ইসলামীর আকস্মিক মিছিল কিংবা নাশকতার ঘটনা এড়াতে গতকাল শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ সতর্কতা নেয় পুলিশ। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ সতর্কতা নেওয়া হয়। তবে কিছু না হওয়ায় জুমার নামাজের পর তা প্রত্যাহার করা হয়। বিশেষ সতর্কতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মইনুল হক। জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, জুমার নামাজের পরপর জামায়াত কিংবা নিষিদ্ধঘোষিত উগ্র সংগঠন হিযবুত তাহ্রীর আকস্মিক জঙ্গি মিছিল বের করতে পারে। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কাও করা হয় ওই প্রতিবেদনে। এর পরিপ্রেক্ষিতে সকাল থেকে নগরের ১২টি থানা এলাকায় পুলিশ বিশেষ সতর্কতা নেয়। প্রতি থানায় এক বা একাধিক প্লাটুন অতিরিক্ত পুলিশ প্রস্তুত রাখা হয়। যেসব এলাকায় মসজিদ বেশি, সেখানে পুলিশের পাহারাও ছিল বেশি। জুমার নামাজের পর বিশেষ সতর্কতা এবং কোতোয়ালি ছাড়া অন্যান্য থানা থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়।