গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপজেলায় থাকতে চান না
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেটিস্ট) হারুন অর রশিদ গত ১১ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি (সংযুক্তি) হয়ে আসেন। রাঙ্গুনিয়ায় যোগ দেওয়ার এক মাসের মাথায় মন্ত্রণালয় থেকে তাঁর এ বদলির আদেশ হয়। আদেশে বলা হয়, হারুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করলেও বেতন তুলবেন রাঙ্গুনিয়া থেকে। ফলে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হারুনের পদটি শূন্য হয়নি। তাই ওই পদে নতুন করে কাউকে নিয়োগও দেওয়া যাচ্ছে না।হারুনের মতো একইভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বছরে ১২ জন চিকিৎসককে সংযুক্তি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অথবা প্রেষণে চট্টগ্রাম নগরের হাসপাতালে বদলি করা হয়। বদলি হওয়া চিকিৎসকদের নয়জনই জুনিয়র কনসালটেন্ট। তাঁরা প্রসূতি, শিশু চিকিৎসা, মেডিসিন অথবা অ্যানেসথেসিয়া (অবশকরণ) বিশেষজ্ঞ। নগরের হাসপাতালে যোগ দিলেও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁরা বেতন তুলছেন। তাঁদের পদে নতুন লোক নিয়োগ না দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা ও অন্যান্য চিকিৎসা ব্যাহত হচ্ছে।গত এক বছরে যাঁরা বদলি হয়ে নগরে এসেছেন তাঁরা হলেন সাতকানিয়া উপজেলার কাজল রেখা রায় (প্রসূতি), সন্দ্বীপ উপজেলার কল্যাণ কান্তি বড়ুয়া (অ্যানেসথেটিস্ট), বাঁশখালী উপজেলার সনৎকুমার বড়ুয়া (শিশু) ও সালেহ উদ্দিন সিদ্দিকী (কার্ডিওলজি), রাউজান উপজেলার আফরোজা গনি (প্রসূতি), সীতাকুণ্ড উপজেলার তাসনিমা জাফর (দন্ত সার্জন), পটিয়া উপজেলার আবু রুশদ মো. মাশরুর (দন্ত সার্জন), বোয়ালখালী থেকে ডা. সাঈদা নাসরিন (মেডিসিন), বাঁশখালী থেকে সিক্তা দাস (প্রসূতি), সাতকানিয়া থেকে শিশু বিশেষজ্ঞ কিরিটি প্রসাদ দেব।অভিযোগ রয়েছে, যেসব চিকিৎসক বদলি হয়ে নগরে এসেছেন তাঁদের কেউই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস থেকে শুরু করে এক বছরের বেশি ছিলেন না। উপজেলায় গিয়েই তাঁরা শহরে আসতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে তদবির শুরু করেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আবু তৈয়ব চিকিৎসকদের নগরে বদলি হয়ে আসার বিষয়টি নিশ্চিত করে প্র্রথম আলোকে বলেন, এতে গ্রামের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। কারণ তাঁদের বদলির বিপরীতে কাউকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, এসব চিকিৎসকের কেউই সর্বশেষ কর্মস্থল নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরের বেশি ছিলেন না। গ্রামে বদলি হলেই মাস পুরতে না পুরতেই তাঁরা মন্ত্রণালয় থেকে বদলির আদেশ করিয়ে আনছেন।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১১ জুলাই রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হারুন অর রশিদ এবং হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট সত্যজিৎ ধর ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলির আদেশ নিয়ে আসেন। মাত্র এক মাস আগে দুজন গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বদলি হয়েছিলেন। এ দুজনের বদলি আদেশে ছাড়পত্র না দিতে স্থানীয় সাংসদ বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও আনিসুল ইসলাম মাহমুদ সিভিল সার্জনকে নির্দেশ দেন। এরপর সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখে তা জানিয়ে দেন। ফলে তাঁদের এখনো ছাড়পত্র দেওয়া হয়নি। হারুন বলেন, ‘চট্টগ্রামে আমি আর সত্যজিৎ অ্যানেসথেসিয়ার সর্বোচ্চ ডিগ্রিধারী। আমাকে গ্রামে ফেলে রাখা হলে আমি সর্বোচ্চ সেবা দেওয়ার সুযোগ হারাব।’ তিনি বলেন, ‘উপজেলায় মাসে দুই-তিনটা সিজার (অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্মদান) হয়। আর চট্টগ্রাম মেডিকেলে অ্যানেসথেটিস্টের অভাবে অস্ত্রোপচার বন্ধ হয়ে যাচ্ছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আমাদের দুজনকে উপজেলা থেকে মেডিকেলে বদলি করেন।’