চট্টগ্রামে বিশ্ব দুগ্ধ দিবস উদ্যাপিত
বাংলাদেশে তৈরি খাদ্যের মান নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তাই সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় তাদের গরুর দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে।
বিশ্ব স্কুল দুগ্ধ দিবস উপলক্ষে চট্টগ্রামের বৌদ্ধমন্দির এলাকায় অবস্থিত ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান এফএও ও দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সোমেন দেওয়ান, এফএওর প্রতিনিধি বেগম নুরুন্নাহার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী।
সভাপতিত্ব করেন ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা দুগ্ধ দৌড় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।