চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে মানবাধিকার আপনা-আপনিই প্রতিষ্ঠা পাবে। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় মানবাধিকার কমিশনও গণমানুষের অধিকার নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে সংগঠনের কার্যালয়ের সামনে এ আলোচনার আয়োজন করা হয়। আলোচকেরা আরও বলেন, সাধারণ মানুষকেই গণতন্ত্র সমুন্নত রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি এস এম সামশুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাংবাদিক আলী হায়দার, মানবাধিকার কর্মী মোহাম্মদ আমির হোসেন আমির, সাংবাদিক কামরুল হুদা, কামাল হোসেন, সামশুল ইসলাম, তছলিম উদ্দিন, আফসার উদ্দিন, আ. জলিল রাজু খান, কামরুল হক, আবু বক্কর, ইয়াছিরসহ প্রমুখ নেতা। আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি দেওয়ানহাট কদমতলীর মোড়, ঢাকা ট্রাঙ্ক রোড ঘুরে বায়তুস শরফ মসজিদের সামনে এসে শেষ হয়।