চট্টগ্রামে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত
শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এসব কর্মসূচির আয়োজন করে।দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সোয়া নয়টায় সার্কিট হাউস থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। এবারের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাক্ষরতাই শান্তি, সাক্ষরতাই উন্নতি’। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় ‘উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক ধারণাপত্র পাঠ করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী। বক্তারা বলেন, শান্তি ও উন্নতির পূর্বশর্ত হচ্ছে সাক্ষরতা। বিশ্ব পরিমণ্ডলে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। নিরক্ষরতা দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন আন্দরকিল্লার বিভাগীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভার আয়োজন করে।