চট্টগ্রামে বিশ্বকাপ প্রস্তুতি বৈঠকে নিরাপত্তা কঠোর করার তাগিদ
ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের খেলার পর অনাকাঙ্ক্ষিত ঘটনা চট্টগ্রামে বিশ্বকাপ আয়োজক কমিটিকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত সর্বশেষ সভায় নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে। গতকাল বিকেলে সার্কিট হাউজে প্রস্তুতি কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল ছোড়া এবং টিকিট নিয়ে নানা কেলেংকারির ঘটনা উল্লেখ করে বলেন, চট্টগ্রামে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে। পুলিশ কমিশনার মো. আবুল কাশেম নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন।বৈঠকে মুখ্য সচিব বিশ্বকাপ প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। তবে নগরের কাজীর দেউড়ি, প্রবর্তক মোড়, স্টেডিয়ামসহ কয়েকটি স্থানে এখনো সৌন্দর্যবর্ধনের কাজ চলতে দেখা গেছে। সভায় সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পর্যটন করপোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে নিরাপত্তার প্রসঙ্গটি তুলে ধরেন চট্টগ্রামের পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। এরপরই আবদুল করিম নিরাপত্তার পাশাপাশি বলেন, ঢাকায় বেশি টাকা দিয়ে টিকিট কিনে ঢুকে দর্শকেরা নিজেদের আসনে বসতে পারেনি। সেখানে বসেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বজনেরা। এ ধরনের ঘটনা যেন চট্টগ্রামে না ঘটে।