চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বই পড়া অত্যন্ত ভালো অভ্যাস। নিজেদের সুন্দরভাবে গড়ে তোলা এবং জীবনকে সুন্দরভাবে সাজাতেও বই পড়ার গুরুত্ব অনেক। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলেও শুধু রাত-দিন পাঠ্যবই নিয়ে পড়ে থাকলে চলবে না। এ জন্য অন্যান্য বই পড়া, বিশ্রাম ও বিনোদনেরও প্রয়োজন আছে। অধ্যাপক সায়ীদ গতকাল শুক্রবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী চট্টগ্রাম মহানগর পুরস্কার বিতরণ উৎসবে এসব কথা বলেন। নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, শিশুসাহিত্যিক আলী ইমাম, সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক পার্থ প্রতীম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের আবদুল হাই, মিউনিসিপ্যাল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর সংগঠক আলেক্স আলীম, সুমি খান প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ৩২টি বিদ্যালয়ের এক হাজার ২৪৯ এবং দ্বিতীয় পর্বে ২৫টি বিদ্যালয়ের এক হাজার ৫৯০ জনকে পুরস্কার দেওয়া হয়। রাতে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।