চট্টগ্রামে বিসিকের জামদানি মেলা শুরু
জামদানি বাংলাদেশের ঐতিহ্য, এটি আভিজাত্যেরও প্রতীক। জামদানি শিল্প ও এর তাঁতিদের টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের পাশাপাশি বিশ্ববাজারেও এ পণ্যটিকে ছড়িয়ে দিতে হবে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে সাত দিনব্যাপী জামদানি শাড়ির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঐতিহ্যবাহী জামদানি শাড়ির প্রসার ঘটাতে চট্টগ্রামে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. হজরত আলী। বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মেজবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহা, বিসিকের মহাব্যবস্থাপক আবদুল কাদির সরকার, শফিকুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী প্রমুখ।
বিসিকের চেয়ারম্যান মো. হজরত আলী বলেন, বিসিক শিল্পনগরীতে অবস্থিত জামদানি কারখানাগুলো এই মেলায় অংশ নিয়েছে। যাঁরা জামদানি শাড়ির ‘আসল-নকল’ নিয়ে দ্বিধায় ভোগেন, তাঁরা নিশ্চিন্তে এই মেলা থেকে শাড়ি কিনতে পারবেন। অনেক আশা নিয়ে নারায়ণগঞ্জ থেকে জামদানি ব্যবসায়ীরা মেলায় অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে, চট্টগ্রামবাসী তাঁদের বিমুখ করবে না। এই মেলা সফল হলে ভবিষ্যতেও চট্টগ্রামে নিয়মিত মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিসিকের।
১২ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ২০টি স্টল রয়েছে। সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে জামদানি শাড়ির দাম শুরু হয়েছে বলে জানান মেলায় অংশগ্রহণকারীরা।